দেশের ব্যাংকিং খাতের চলমান সংকট ও বিশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (২৩ মে) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বর্তমান ব্যাংক ব্যবস্থার তারল্য সংকট, খেলাপি ঋণ বৃদ্ধি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে চলমান উদ্ভূত পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি হলো ব্যাংকিং খাত। কিন্তু বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চরম তারল্য সংকটের পাশাপাশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ। সরকার এই সংকট নিরসন না করে উল্টো কয়েকটি ব্যাংকে পছন্দসই লোক বসিয়ে আর্থিক খাতের শৃঙ্খলা বিনষ্ট করছে।
রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এই সফল ব্যাংকটিকে স্থবির করার চেষ্টা চলছে। ব্যাংকের বৈধ ব্যবস্থাপনা পরিচালককে জোরপূর্বক পদচ্যুত করার ঘটনা ঘটেছে, যা কোনো বেসরকারি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি সরকারি হস্তক্ষেপের শামিল। এর ফলে ব্যাংকের ৩ কোটি আমানতকারী এবং প্রায় ৮০ লাখ উদ্যোক্তা-ব্যবসায়ী চরম ঝুঁকির মধ্যে পড়েছেন। দেশের প্রায় ৩০ শতাংশ রেমিট্যান্স আহরণকারী এই ব্যাংক সংকটে পড়লে আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ন হবে।
বর্তমান গভর্নরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দলীয় অনুকম্পাপ্রাপ্ত ও ঋণ পুনঃতফসিলকারী একজন মধ্যমসারির ব্যবসায়ীকে গভর্নর নিযুক্ত করেছে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে অবিলম্বে এই দলীয় গভর্নরকে অপসারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন পেশাদার ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। একই সাথে ইসলামী ব্যাংকের বর্তমান বোর্ড ভেঙে দিয়ে অভিজ্ঞদের সমন্বয়ে নতুন বোর্ড গঠন এবং অপসারিত এমডিকে স্বপদে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ব্যাংক লুটেরাদের দ্রুত আইনের আওতায় এনে পাচারকৃত সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে। সরকার যদি এই বিতর্কিত কর্মকাণ্ড থেকে ফিরে না আসে এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তবে এর ফলে সৃষ্ট আর্থিক অস্থিতিশীলতার দায় সরকারকেই বহন করতে হবে।