গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইল হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ফিলিস্তিনের স্থানীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হেলিকপ্টারগুলো দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আল-বালাউই পরিবারের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায়। এতে এক শিশুসহ কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকের বাসস্থান।
যুদ্ধবিরতি সত্ত্বেও ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ২০৯ ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৯৪৩ জন আহত হয়েছেন, যাদের বেশিভাগই নারী ও শিশু।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরাইল গাজায় তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, সামরিক অভিযানে ইসরাইল ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। অভিযানে গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি