জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ১৬৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত সাংগঠনিক নির্দেশ জারি করা হয়।

কমিটি ঘোষণার স্মারকে যৌথভাবে স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু। দপ্তর সম্পাদক করা হয়েছে রাফসান জানি রিয়াজকে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিদুয়ান হৃদয়।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে নিজাম উদ্দিন ও হুজ্জাতুল্লাহ বিন ফারুককে। এছাড়া যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ ও সদস্যসহ মোট ১৬৮ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, “৪১টি ওয়ার্ডের সংগঠকদের তথ্য যাচাই-বাছাই করে মহানগর কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাধান্য পেয়েছেন সাবেক রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাইযোদ্ধা, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এই কমিটি ভবিষ্যতের চট্টগ্রামের রাজনীতিতে নতুন পাটাতন তৈরি করবে।”

এমআর// 





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews