উত্তর চীনের একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এছাড়াও একজন নিখোঁজ রয়েছেন।স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে শানসি প্রদেশের শুওয়াংয়ে এই বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর জিয়াপেং বায়োটেকনোলজির আইনি প্রতিনিধিকে আটকের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল কাজ শুরু করেছে।
তবে কোম্পানিটির কোনও ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ না করায় বিস্ফোরণের বিষয়ে বায়োটেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
সিনহুয়া জানিয়েছে, প্রতিষ্ঠানটি পাহাড়ের একটি গর্তে অবস্থিত এবং দুর্ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া উড়তে দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের জুনে জিয়াপেং বায়োটেকনোলজি তাদের করপোরেট নিবন্ধন অনুসারে পশুখাদ্য, কয়লাজাত পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে চীনে শিল্প দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। জানুয়ারির শেষের দিকে প্রতিবেশী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিল।
বিডি প্রতিদিন/কামাল