বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড অ্যাকুইটিসের বৃত্তি পেয়েছেন দেশের তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। উন্নত প্রশিক্ষণের জন্য জানুয়ারি থেকে বাহরাইন যাওয়ার কথা ছিল তার। তবে নানা আনুষ্ঠানিকতার জটিলতায় এখনো যেতে পারেননি। বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ওয়াল্ড অ্যাকুইটিস রাফিকে বৃত্তি দিয়েছে। সেই বৃত্তির চুক্তিপত্র এসেছে খানিকটা বিলম্বে। এজন্য ভিসা ও অন্য আনুষ্ঠানিকতা দেরিতে শুরু হয়েছে। ‘আমরা গত সপ্তাহে রাফির এগ্রিমেন্ট পেয়েছি। ২০২৭ সালের আগস্ট পর্যন্ত রাফি বাহরাইনে অনুশীলন করতে পারবে। এগ্রিমেন্টে স্বাক্ষর হওয়ায় এখন বাহরাইন থেকে ভিসা প্রক্রিয়া শীঘ্রই’, শুরু হবে বলে জানালেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস।
রাফি বিগত সময়ে থাইল্যান্ডে অনুশীলনে ছিলেন। থাইল্যান্ডে থাকায় তার পারফরম্যান্স অনেক ভালো হয়। জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড গড়েন। পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমন্ত্রণমূলক সাঁতারে পদক জেতেন। বাহরাইনে অনুশীলন করে নিজেকে আরো উন্নত করতে চান রাফি, ‘আগামী সপ্তাহে বাহরাইন থেকে পরবর্তী নির্দেশনা পাব বলে ধারণা করছি। আধুনিক অনুশীলনে থাকলে আমার টাইমিং আরো ভালো হবে।
এতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সম্মান এনে দেয়ার ব্যাপারে আরো আশাবাদী।’ চুক্তিপত্রে জানুয়ারি থেকে উল্লেখ থাকলেও ফেডারেশন পেয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিগত সময়েও চুক্তি শুরুর পর ফেডারেশন কাগজপত্র পেয়েছিল। চুক্তিতে আপাতত ২০২৭ সালের আগস্ট উল্লেখ থাকলেও পরবর্তী পর্যালোচনার পর সেটা আরো এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।