২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। দল সংখ্যা বৃদ্ধি, নতুন ফরম্যাট, তিন দেশে আয়োজন আর ঐতিহাসিক ভেন্যুর মিশেলে এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় আসর।

এবার প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল, যেখানে আগে খেলত ৩২টি দল। ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টি, যা আগে ছিল ৬৪টি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটির কিংবদন্তি এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। এই ম্যাচের মধ্য দিয়েই স্টেডিয়ামটি গড়বে অনন্য ইতিহাস। কারণ ১৯৭০, ১৯৮৬ ও ২০২৬—তিনটি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের রেকর্ড হবে এর দখলে।

এই স্টেডিয়ামের সঙ্গেই জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায়। ১৯৭০ সালে এখানেই পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ। আর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা করেছিলেন ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’—একই ম্যাচে, একই মাঠে।

এবারের বিশ্বকাপ আয়োজন হবে তিন দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। মোট ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি স্টেডিয়াম রয়েছে। সবচেয়ে বেশি ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, আর মেক্সিকো ও কানাডায় ১৩টি করে ম্যাচ আয়োজন করা হবে।

ফাইনাল অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।

নতুন ফরম্যাটে বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ, প্রতিটিতে ৪টি দল। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দলসহ মোট ৩২টি দল উঠবে নকআউট পর্বে।

এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও, হাইতি, কেপ ভার্দে। এর মধ্যে কুরাসাও সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে।

তারকাদের দিক থেকেও এবারের বিশ্বকাপ হতে পারে বিশেষ। ক্রিশ্চিয়ানো রোনালদো খেললে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ, যা নতুন রেকর্ড। তরুণদের মধ্যে আলোচনায় থাকবেন লামিনে ইয়ামাল। অভিজ্ঞদের তালিকায় নজরে থাকবেন লুকা মদ্রিচ, যিনি খেলতে পারেন নিজের পঞ্চম বিশ্বকাপ।

বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, মোট প্রায় ৩৯ দিন।

সব মিলিয়ে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড়, দীর্ঘ এবং বৈচিত্র্যময় আসর হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। এখন ফুটবল ভক্তদের একটাই প্রশ্ন—ফাইনালে উঠবে কোন দুই দল

সূত্র: বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews