পুলিশ হেফাজতে থাকা আলোচিত সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আগামী ৭ এপ্রিল সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং শেখ মামুন খালেদের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালে আবেদনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আদেশের পর তিনি এ নিয়ে ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে এক-এগারো এবং পরবর্তী সময়ে আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দুইজন দোসর মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যারা এই দেশের গণতন্ত্র, সুশাসন বিনষ্ট করার জন্য আয়নাঘরসহ নানা অপকর্ম, খুন-গুম ইত্যাদির সঙ্গে জড়িত। সেই রকম দুইজন দুষ্কৃতকারী কর্মকর্তা-একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছেন মামুন খালেদ।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘তাদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, ‘এই দুই সেনা কর্মকর্তা বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘরের মতো অমানবিক কর্মকাণ্ড করেছেন। এক-এগারোর সময় সেইফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছেন।’ এক-এগারোর কর্মকাণ্ডের আইনি দায়মুক্তি এসব বিচারের ক্ষেত্রে কোনো আইনি বাধা সৃষ্টি করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কোনো দায়মুক্তিতে বাধ্য নই। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তদন্ত করবে। মানবতাবিরোধী কোনো অপরাধের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়, স্বাধীনভাবে বিচারকার্য চলবে।’ তিনি বলেন, ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মাসুদ উদ্দিন চৌধুরীকে ২৩ মার্চ এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে ২৫ মার্চ গ্রেপ্তার করে।

মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে : মানব পাচার আইনের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রায়হানুর রহমান আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলার বিচার শুরু : চব্বিশের গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিচার শুরু হয়েছে। গতকাল প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির বিচার চলছে। পরে এই মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মো. রাহাত হোসাইন নামে ২৫ বছর বয়সি এক আন্দোলনকারী। জবানবন্দি শেষে তার জেরাও শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরুর আদেশ দেন। সেদিন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য গতকালের দিন ধার্য করা হয়। এ মামলায় আসামি ১১ জন। তাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পলাতক আসামিরা হলেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews