জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৫ এর জন্য ২৭ জনকে প্রাথমিকভাবে মনোনীত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ ও ১৩ জন সংগঠক রয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে গতকাল জানা গেছে, গত ১০ মার্চ যাচাই-বাছাই কমিটি ৭৪টি আবেদন নিয়ে সভা করে প্রাথমিকভাবে ২৭ জনকে মনোনীত করে। পরবর্তীতে আরেকটি সভায় তালিকা চূড়ান্ত হবে। আগামী জুনে চূড়ান্তভাবে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন পড়েছিল মোট ৯৯টি। যাচাই-বাছাই কমিটি প্রথম সভায়ই বাতিল করেছিল ১৪টি আবেদন। দ্বিতীয় সভায় বাতিল করা হয় আরও ১০ আবেদন। বাকি ৭৫টি আবেদন নিয়ে সভা করে কমিটি সংখ্যা ২৭টিতে নামিয়ে এনেছে।
প্রাথমিকভাবে মনোনীতরা হলেন- সংগঠক ক্যাটাগরিতে- মো. আরিফ ভূঁইয়া (ফুটবল), মোশারফ হোসেন বাদল (ফুটবল), মো. কাওসার আলী (হকি), লুৎফর রহমান (রোলার স্কেটিং), মতিউর রহমান (হ্যান্ডবল), মো. ইকবাল হোসেন (জিমন্যাস্টিক্স), মো. আব্দুল মান্নান (সাঁতার), মো. আব্দুল কাদির (জুডো ও কারাতে), বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (ভারোত্তোলন), মো. সাইফুল আজীজ (ক্রিকেট), মো. কামরুল হাসান (সংগঠক), সাঈদ আহমেদ (সংগঠক) ও এফ এম ইকবাল বিন আনোয়ার ডন (সংগঠক)।
ক্রীড়াবিদ ক্যাটাগরিতে- খান আবদুর রাজ্জাক (ক্রিকেট), মো. রুবেল রানা (সাঁতার), মাহফিজুর রহমান সাগর (সাঁতার), বাউন জেবা বর্ণা (কারাতে), সবুরা খাতুন (সাঁতার), আকাশী সুলতানা (সাইক্লিং), নাজমুন নাহার বিউটি (অ্যাথলেটিক্স), মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন), তরিকুল ইসলাম (সাইক্লিং), খুরশিদা খাতুন খুশি (অ্যাথলেটক্স), আব্দুর রহিম নাঈম (অ্যাথলেটিক্স), মো. আব্দুর রহিম (বক্সিং), ওবায়দুল ইসলাম (বধির দাবা) ও খন্দকার আল মাহবুব বিল্লাহ (টেবিল টেনিস)।