আইপিএলে মুস্তাফিজুর রহমানকে উচ্চমূল্যে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে উগ্রবাদীদের প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজি দলটি। এরপর ভারত-বাংলাদেশ সম্পর্কে তিক্ততা চরমে ওঠে। বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় বিসিবি। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাই ছিল সূত্রপাত। এ ঘটনায় ভারতেও হয়েছে তীব্র সমালোচনা। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ‘খেলার সঙ্গে এভাবে দুই পক্ষের রাজনীতি জড়ানো একদমই উচিত হয়নি। আর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি থেকে বাদ দেওয়াও ঠিক হয়নি। এটা সত্যিই দুঃখজনক।’ ক্রিকেট রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেওয়ায় বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও মনে করছেন শশী থারুর। তিনি আরও বলেন, ‘এটা এভাবে চলতে পারে না। এ সমস্যার একটা সমাধান হওয়া উচিত। ক্রিকেটের জন্য হলেও আমাদের সবার একত্রিত হতে হবে। আর এ সমস্যা সমাধানে একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে আইসিসি।’ বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক কি স্বাভাবিক হবে!