হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— অন্তর (২৫), পিতা চন্দন, গ্রাম পাহাড়পুর, আজমিরীগঞ্জ; তানভীর, পিতা ফুল মিয়া, গ্রাম আমিরখানী, বানিয়াচং এবং আবিদুল লস্কর (৩২), পিতা নুরুল লস্কর, গ্রাম আমিরখানী, বানিয়াচং।
আহতরা হলেন— সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫), পিতা আব্দুস শহিদ, গ্রাম শেখেরগাঁও, চুনারুঘাট এবং মো. মিজান মিয়া (২৭), পিতা আব্দুর জব্বার, গ্রাম থৈগাঁও, ডাকঘর গোছাপাড়া, চুনারুঘাট। তারা দুজনই ‘বুরো বাংলাদেশে’ কর্মরত বলে জানা গেছে।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রতিনিধি