ডেইলি সিলেট ডেস্ক ::
পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে করে হত্যা করেছে দুর্বত্তরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন সোহাগ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া, উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে কয়েকজন এসে তাকে কুপিয়ে এবং গুলি করে পালিয়ে যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে।
কারা কী কারণে তাকে হত্যা করেছে, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।