ভারতের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে- এই ব্যাপারে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। এমন তথ্য জানিয়েছে দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস।

চিঠিতে মূলত দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এই উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে ঠেকে। উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

এরপর বাংলাদেশ দলও ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। শুরুতে বাংলাদেশ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানায়। আইসিসি বাংলাদেশের সেই দাবি নাকচ করে দেয়।

শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে স্কটল্যান্ড। চলতি বছরই বাংলাদেশের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল ভারতের। সেপ্টেম্বরে অনুষ্ঠিত এই সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের।

দুই বোর্ডের জন্যই এখানে বড় আর্থিক স্বার্থ জড়িত। যদিও বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য সিরিজটি স্থগিত করে। ২০২৭ সালের সম্ভাবনা সামনে রেখে বিসিবি নতুন করে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে।

ফলে এই সফর আবার আলোচনায় ফিরতে পারে। তবে ভেন্যু এখনো বিতর্কের একটি বড় বিষয়। এ ছাড়া আগামী বছরের এশিয়া কাপ আয়োজনের স্বত্বও বাংলাদেশের হাতে রয়েছে।

বিসিবি সমঝোতার বার্তা দিলেও বিসিসিআই এখনো নীরব অবস্থানে রয়েছে। জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করা কিংবা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি তাদের সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews