চলতি সপ্তাহেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মাস চারেক পর ক্রিকেটে ফেরা জাতীয় দলকে মাঠে নামানোর আগে আরেকটু ঝালিয়ে নিতে চায় বিসিবি।
সে জন্য সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। ‘এ’ দলের (অল স্টার্স একাদশ) বিপক্ষে আগামীকাল শনিবার প্রস্তুতি ম্যাচটি খেলবেন মেহেদী মিরাজরা।
সদ্য শেষ হওয়া বিসিএল ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে অল স্টার্স একাদশ। যার নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
বিসিবি ঘোষিত ১২ সদস্যের দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিক্সিং সন্দেহে শেষ বিপিএলে নিলামে না রাখা এই অলরাউন্ডার আবারো চলে এসেছেন বিসিবির রাডারে।
কিন্তু কেন বিপিএল থেকে বাদ পড়েছিলেন, আর কিভাবেই বা ফিরে এলেন— তা প্রশ্ন থেকেই যায়। যদিও মোসাদ্দেক বিসিএল ওয়ানডেতেও খেলেছেন চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের হয়ে।
এ ছাড়া দলে আছেন- রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, রবিউল হক, মাহফিজুল রবিন, নাঈম শেখ, মাহিদুল ইসলাম, সৌম্য সরকার, নাইম হাসান, খালেদ আহমেদ, পারভেজ ইমন ও জিসান আলমরা।
মাহিদুল ইসলাম ও সৌম্য সরকার আছেন পাকিস্তানের বিপক্ষে ডাক পাওয়া জাতীয় দলেও।
উল্লেখ্য, জাতীয় দল ও অল স্টারের এই ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর ২টা ১৫ মিনিটে।
আর সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়।
অল স্টারস দল: আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভীর ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলায়েন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।
জাতীয় দল : মেহেদী মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।