বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। এর আগেই আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
আরও পড়ুন জনবল নেবে বসুন্ধরা গ্রুপ, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি

নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর অনলাইন আবেদন গ্রহণ প্ল্যাটফর্ম হালনাগাদের কাজ চলমান রয়েছে। এ হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে অনিবার্য কারণে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পর আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে।