মরণব্যাধি ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে সুস্থতার আলো দেখছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। উন্নত চিকিৎসায় শারীরিক জটিলতা কাটিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ। এক বুক আশা আর সুস্থতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাতে সামাজিক মাধ্যমে হাজির হন এই অভিনেত্রী। নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানানোর পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষ হলেও পরে মে মাসে আবার তার অসুস্থতার খবর আসে।

ভক্তদের সেই উদ্বেগ আর ভালোবাসার জবাব দিতেই ঈদের আগের দিন রাতে সামাজিক মাধ্যমে এই পোস্ট তানিয়ার। অভিনেত্রীর পেজ থেকে লেখা হয়, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

কাজে ফেরার আশা জানিয়ে ভক্তদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব, ইনশাআল্লাহ। ঈদটা আপনাদের খুব ভালো কাটুক, তাই ঈদের সময় আপনাদের সঙ্গে লাইভে থাকতে চাই। ইনশাআল্লাহ সবার সঙ্গে কথা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক!

বর্তমানে ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার এই ফেরার বার্তায় স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা। পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরে আসুক অভিনেত্রী—আপাতত এই কামনা সবার।

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews