মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। বুধবার (২৫ মার্চ) দলের প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল ন্যায়বিচার, সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু বৈষম্য ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজও তাদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে লেবার পার্টির নেতৃদ্বয় ইনকিলাবকে জানান, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতার নামান্তর। আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্র ও হস্তক্ষেপ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এখন সময়ের দাবি। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা চলবে না।
বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে দুর্নীতি ও বৈষম্যহীন একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই একটি প্রকৃত গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মহান স্বাধীনতা দিবসের এই মুহূর্তে দেশের সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও খন্দকার মিরাজুল ইসলাম।