বাবার জানাজায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজন।

শনিবার (৩০ মে) সকালে তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশে রওনা দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।  পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে ঠাকুরগাঁও-২ আসনের টানা সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনে দবিরুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দবিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ওই বছরের ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ।  দীর্ঘদিন কারাবন্দি থাকার পর চলতি বছরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।  সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews