কথায় আছে উপকারী গাছের ছাল থাকে না। তেমনি একটি গাছের নাম অর্জুন। মানুষ নিজের উপকারের জন্য এই গাছের ছাল তুলে নেয়। ছালতোলা এ অর্জন গাছটির দেখা মিলল শুক্রবার রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে।

জানা গেছে, অর্জুন হচ্ছে টারমিনালিয়াগণের একটি সপুষ্পক উদ্ভিদ। এর ইংরেজি নাম arjun। গাছটি পত্রঝরা, মধ্যম বা বৃহৎ আকৃতির বৃক্ষ, প্রায় ২০-২৫ মিটার উঁচু হতে পারে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্জুনের আদি নিবাস। ভারতীয় উপমহাদেশজুড়ে এই অর্জুন গাছ কম-বেশি দেখা যায়। বাংলাদেশের রাস্তার দুই পাশে এবং বনাঞ্চলে এটি প্রচুর জন্মে। অর্জুনের বাকল আয়ুর্বেদীয় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। পরিপক্ব গাছ থেকে ছাল সংগ্রহ করে ছোট ছোট টুকরা করে ৪-৫ দিন রৌদ্রে শুকিয়ে চটের বস্তায় ভরে শুষ্ক স্থানে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং এর কার্যকারিতা অটুট থাকে। এ ছাড়া পুরোপুরিভাবে পরিপক্ব বীজ গাছ থেকে সংগ্রহ করে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে বায়ুরোধী পাত্রে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। অর্জুন গাছের ছাল, পাতা ও ফল ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর বাকল থেকে আহরিত ট্যানিন চামড়াতে ব্যবহৃত হয়। এই ট্যানিন মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসাতেও ব্যবহার করা হয়। এটি মাড়ির রক্তপাত বন্ধ করে। শরীরে ক্ষত, খোস পাঁচড়া দেখা দিলে অর্জুনের ছাল বেঁটে লাগালে সেরে যায়। অর্জুনের বাকল থেকে হৃদরোগের ওষুধ, পাতার রস আমাশয় রোগের ওষুধ বানাতে ব্যবহৃত হয়। পাতা তসর রেশম পোকার খাদ্য।

বাংলা একাডেমির সহপরিচালক পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, অর্জুন গাছের ছাল মানুষ নিজ প্রয়োজনে তুলে নেয়। কিন্তু গাছের মর্মব্যথা কেউ বোঝেন না। তিনি বলেন, স্যাঁতে ও ঊর্বর দোআঁশ মাটি অর্জুন চাষের জন্য উপযুক্ত। গাছে বৈশাখ-আষাঢ় মাসে ফুল ফোটে এবং পৌষ ফাল্গুন মাসে ফল পাকে। ফল আকারে লম্বা। অর্জুনের বীজ থেকে চারা উৎপাদন করা যায়। সাধারণত মার্চ-এপ্রিল মাসে পরিপক্ব ফল হতে বীজ সংগ্রহ করা হয়। বীজ বপনের পূর্বে ৪৮ ঘণ্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে পরবর্তীতে বীজতলায় বীজ বপন করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews