প্রায় এক সপ্তাহের তীব্র সঙ্কটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ এবং সিএনজিচালিত পরিবহন মালিক-চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ফেনী অঞ্চলের গ্যাস সরবরাহ কেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। ফলে রাত থেকেই বাসাবাড়িতে রান্নার কাজ এবং ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গ্যাস সঞ্চালন কেন্দ্র (জিটিসিএল)-এর কার্যক্রম চালুর পর বৃহস্পতিবার রাত থেকে জেলার ১৪টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ১০টিতে একযোগে গ্যাস সরবরাহ শুরু হয়।

ফেনী এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ২৩ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। তবে গত এক সপ্তাহ ধরে সরবরাহ প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছিল।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ শতভাগে উন্নীত হবে। তখন দূরবর্তী উপজেলাগুলোতেও সঙ্কট পুরোপুরি কেটে যাবে।

সরেজমিনে ফেনীর মহিপাল এলাকার হাজী নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যানবাহনগুলো সহজেই গ্যাস নিতে পারছে। অন্য দিনের মতো দীর্ঘ সারি কিংবা উপচে পড়া ভিড়ও দেখা যায়নি।

হাজী নজির আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুর আজম জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ার পর সারারাত গাড়িতে গ্যাস দেয়া হয়েছে। গ্যাসের চাপও ছিল সন্তোষজনক।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরাও। মহিপাল এলাকার চালক আবদুল করিম বলেন, গত কয়েক দিন পাম্পে পাম্পে ঘুরেও ঠিকমতো গ্যাস পাননি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ট্রিপ ধরতে পারেননি। তবে বৃহস্পতিবার রাত থেকে কোনো ভিড় ছাড়াই সহজে গ্যাস পেয়েছেন।

অটোরিকশা চালক মো: হাছান জানান, আগে গ্যাসের চাপ কম থাকায় সিলিন্ডার পূর্ণ হতো না। এখন গ্যাসের চাপ ভালো থাকায় একবার সিলিন্ডার ভর্তি করেই সারাদিন গাড়ি চালানো যাচ্ছে।

দূরপাল্লার সিএনজি চালক আবুল কাশেম বলেন, টানা কয়েকদিন মালিকের জমা ও পরিবারের জীবিকা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এখন গ্যাসের চাপ স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে।

এর আগে টানা ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ ও তীব্র স্বল্পতার কারণে ফেনীতে যানবাহন চলাচল, সিএনজি ফিলিং স্টেশন এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছিল। সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনীর ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। খুব দ্রুতই পুরোপুরি সমস্যার সমাধান হবে বলে আশা করছি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews