দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ স্লাভেন বিলিচ। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর দায়িত্ব ছাড়েন জ্লাতকো দালিচ। তার জায়গাতেই আবারও জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেন সাবেক এই ডিফেন্ডার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় নতুন মেয়াদে বিলিচকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার খবর জানিয়েছে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন। তবে কত বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন তিনি, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

চলতি ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচের দুইটি জিতে রানার্স-আপ হয়েছিল ক্রোয়েশিয়া। পরে শেষ ৩২-র ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় গত দুই বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর দলের ব্যর্থতার দায়ভার নিজের কাধে নিয়েই দায়িত্ব ছেড়ে দেন দীর্ঘ দিনের কোচ দালিচ। তার জায়গায়ই এবার বেছে নেওয়া হয়েছে বিলিচকে।

নিজের কোচিং ক্যারিয়ারের শুরুর দিকেই ২০০৬ সালে ক্রোয়েশিয়ার জাতীয় দলের দায়িত্ব নেন বিলিচ। সেই দফায় ২০১২ পর্যন্ত ক্রোয়াটদের প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি। ২০১২ ইউরোতে গ্রুপ পর্বে বিদায়ের পর সরে দাঁড়ান তিনি।

বর্তমানে ৫৭ বছর বয়সী বিলিচ ক্লাব ফুটবলেও সফল কোচ হিসেবে পরিচিত। ক্রোয়েশিয়ার দায়িত্ব ছেড়ে তিনি লোকোমোটিভ মস্কো, বেসিকতাস, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, আল ইত্তিহাদ, ওয়েস্টব্রম আলবিয়নের মতো ক্লাবগুলোর প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাব আল-ফাতেহের প্রধান কোচ ছিলেন। এরপর তিনি কোচিং থেকে বিরত ছিলেন। দুই বছরের বিরতির পর ১৪ বছর পুরোনো দলে ফিরলেন সাবেক ডিফেন্ডার। 

নতুন দায়িত্ব নিয়ে ফুটবলারদের প্রতি নিজের আস্থার কথাই বলেছেন বিলিচ। তিনি বলেন, “আমার খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ক্রোয়েশিয়া যেন বিশ্ব ফুটবলের শীর্ষ সারিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, সেটি নিশ্চিত করতে দলের মধ্যে উদ্দীপনা, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ় সংকল্প সঞ্চার করা আমার দায়িত্ব।”

এসময় তিনি, ১৪ বছর আগের তুলনায় আরও বেশি পরিপক্ব হিসেবে দলকে এগিয়ে নেওয়ার বার্তাও দিয়েছেন।

তিনি বলেন, “এই নতুন চ্যালেঞ্জ শুরু করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং নিজেকে এর জন্য পুরোপুরি প্রস্তুত মনে করছি। ২০০৬ সালের তুলনায় এখন আমি আরও পরিণত ও অভিজ্ঞ কোচ, তবে ক্রোয়েশিয়াকে শক্তিশালী, সাহসী এবং সফল হিসেবে ধরে রাখার প্রেরণা ও আকাঙ্ক্ষা আমার আগের মতোই অটুট রয়েছে।”

খেলোয়াড়ি জীবনে বিলিচ ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী ঐতিহাসিক ক্রোয়েশিয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের কাছে রাউন্ড অব ৩২-এ পরাজিত হয়ে বিদায় নেওয়ার পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান জ্লাতকো দালিচ। তিনি ২০১৭ সালের অক্টোবর থেকে ক্রোয়েশিয়া জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছিলেন।

এবি 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews