এক ওভারে সর্বোচ্চ ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়লেন নেপালের ব্যাটার কুশল ভুর্তেল। রোববার চীনের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এই অসাধারণ কীর্তিটি করেন তিনি। এর মধ্য দিয়ে মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই বিশেষ ক্লাবে জায়গা পেলেন ভুর্তেল।

সিঙ্গাপুর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে এশিয়ান গেমস কোয়ালিফায়ারের উদ্বোধনী ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের নবম ওভারে চীনের বাঁহাতি স্পিনার চেন ঝু ইয়ুয়ের ছয়টি বৈধ বলে পরপর ছয়টি ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটার।

এই কীর্তির মাধ্যমে ভুর্তেল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে ছয় ছক্কা মারা দ্বিতীয় নেপালি ক্রিকেটার হলেন। এর আগে দীপেন্দ্র সিং আইরি এই কাজটি করেছিলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ৬ ছক্কা মেরেছিলেন। এরপর এই তালিকায় নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (২০২১), নেপালের দীপেন্দ্র সিং আইরি (২০২৪), সামোয়ার ডেরিয়াস ভিসার (২০২৪) এবং বুলগেরিয়ার মানান বাশির (২০২৫)। এখন তাদের সঙ্গে যোগ দিলেন ভুর্তেল।

ছয় ছক্কার অবিস্মরণীয় এই কীর্তির দিনে মাত্র ৪৩ বলে ১২৯ রানের চমৎকার ইনিংস খেলেন কুশল। তার ব্যাটিংয়ের ওপর ভর করে নেপাল ২০ ওভারে ৩১৩/২ রান তোলে। ২২১ রানের বড় ব্যবধানে চীনকে হারায়।

পুরুষ টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার তালিকা:
যুবরাজ সিং (ভারত) — ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৭
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) — শ্রীলঙ্কার বিপক্ষে, ২০২১
দীপেন্দ্র সিং আইরি (নেপাল) — কাতারের বিপক্ষে, ২০২৪
ডেরিয়াস ভিসার (সামোয়া) — ভানুয়াতুর বিপক্ষে, ২০২৪
মানান বাশির (বুলগেরিয়া) — জিব্রাল্টারের বিপক্ষে, ২০২৫
কুশল ভুর্তেল (নেপাল) — চীনের বিপক্ষে, ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews