বাংলাদেশ জাতীয় দলের দুই মহাতারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং মামলা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ মিরপুর পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার।

সাকিব ও মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক।’

সরকারের এমন অবস্থানে সাকিবের দেশে ফেরা এবং ক্রিকেটে নিয়মিত হওয়ার পথ সুগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো এবং আগের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবির স্বচ্ছতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন আমি আগেও বলেছি, এটা প্রশ্নবিদ্ধ ছিল। এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে করব।’

বিসিবির বর্তমান কার্যক্রমে পরিবর্তন বা সংস্কারের আভাস দিয়ে তিনি আরও জানান, দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নের স্বার্থে যা প্রয়োজন, সরকার সেই পদক্ষেপই দ্রুত গ্রহণ করবে।

এসকেডি/এমএমআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews