১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব দেখতে দেখতে ৯০ বছরে পা দিয়েছে। ক্লাবটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভাতেই জাঁকজমক আয়োজনের মাধ্যমে ৯০ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে। পরিকল্পনায় রয়েছে ইউরোপীয় আদলে ফ্যান ক্লাব গঠনের উদ্যোগ। গতকাল রোববার দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটির সভা শেষে সভাপতি বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, ‘আমাদের ক্লাবের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান সবাইকে নিয়ে বড় পরিসরে আয়োজন করবো। ক্লাব সদস্য, সাবেক খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও অনুষ্ঠান করতে চাই। কবে এবং কখন অনুষ্ঠান হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। পরে জানানো হবে।’
মোহামেডান ক্লাব একসময় জাতীয় স্টেডিয়ামের পাশে ছিল। প্রায় তিন দশক আগে ক্লাবটি মতিঝিলস্থ আরামবাগে স্থানান্তরিত হয়। এই জমি পাওয়ার পেছনে তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বড় অবদান ছিল। তাই তাকে ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে।এ প্রসঙ্গে সভাপতি বলেন, ‘মাত্র এক লাখ টাকার বিনিময়ে মোহামেডান এই জায়গা বরাদ্দ পেয়েছে। তৎকালীন গণপূর্তমন্ত্রীর অবদান অনেক। তাই ক্লাবের এই জায়গার উন্নয়নের জন্য তাকেই উন্নয়ন কমিটির সভাপতি করা হয়েছে। মতিঝিলের পাশাপাশি সাভারের ২৫ একর জায়গাও উন্নত করা হবে।’
মোহামেডান নিয়মিত ফুটবল, ক্রিকেট ও হকিতে অংশ নেয়। মাঝে মধ্যে দাবা ও ব্যাডমিন্টন দলও গঠন করে। গত মৌসুমে ২২ বছর পর ফুটবল লিগের শিরোপা জিতেছিল ক্লাবটি। নতুন কমিটি আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।সভাপতি আরও বলেছেন, ‘আমরা এবার ক্রিকেটে ভালো দল গড়েছি। সেই ধারাবাহিকতায় ফুটবলেও বড় মানের দল গড়তে চাই। ক্রিকেট দল গঠনে আমাদের পরিচালক মাসুদুজ্জামান নিজেই অনেক অর্থ দিয়েছেন। আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল দেশের শীর্ষ পর্যায়ের শিল্পপতি। আশা করি, তার নেতৃত্বে ফুটবলেও শক্তিশালী দল গঠন হবে।’
তবে চলতি ফুটবল লিগে ভালো ফলাফল অর্জন করতে পারেনি মোহামেডান। যদিও তারা ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। আগামী ১৯ মে কিংস অ্যারেনায় ফাইনাল হওয়ার কথা রয়েছে। কিন্তু কিংস অ্যারেনা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হওয়ায় মাঠ পরিবর্তনের দাবি জানিয়েছে মোহামেডান।সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সভাপতি বলেছেন, ‘আমরা এই বিষয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছি। আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। ফেডারেশন সভাপতি দেশের বাইরে থেকে ফিরেছেন। আশা করি, একটি সিদ্ধান্ত পাওয়া যাবে।’
এদিকে ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রক্রিয়াও চলছে। এ বিষয়ে বিসিবির সাবেক পরিচালক ও ক্লাবের বর্তমান ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আমাদের ক্লাব থেকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানকে কাউন্সিলর করা হয়েছে। এর বাইরে ক্রিকেট বোর্ড নিয়ে আমাদের কোনও অবস্থান নেই। এ সভায়ও ক্রিকেট বোর্ড নিয়ে কোনও আলোচনা হয়নি।’ মোহামেডান দেশের অন্যতম সমর্থকনির্ভর ক্লাব। ইউরোপের আদলে ফ্যান ক্লাব গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় থাকা মোহামেডান ক্লাবগুলোর কমিটি নিয়েও কাজ করা হবে। নতুন করে মোহামেডানের নামে কোনও কার্যক্রম পরিচালনা করতে হলে ঢাকা থেকে ক্লাবের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।