থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগান’ ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল শুরু থেকেই। নানা জটিলতা ও মুক্তি বিলম্বের পর অবশেষে প্রেক্ষাগৃহে আসা রাজনৈতিক অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট দেখিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ভারতের বাজারে ২০০ কোটি রুপির গ্রস আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।



বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৩তম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ২ কোটি ১০ লাখ রুপি। ফলে দেশীয় বাজারে মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮১ কোটি ৫৫ লাখ রুপিতে। আর বিশ্বব্যাপী আয় বেড়ে পৌঁছেছে ৩০৩ কোটি ৭৪ লাখ রুপিতে।



১৩তম দিনের আয়ের বড় অংশই এসেছে তামিল সংস্করণ থেকে, যার পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ রুপি। অন্যদিকে হিন্দি সংস্করণ থেকে এসেছে ২৮ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ২ লাখ রুপি। বিদেশের বাজারেও সিনেমাটি শক্ত অবস্থান ধরে রেখে প্রায় ৯২ কোটি রুপি আয় করেছে।



দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে ছিল প্যান-ইন্ডিয়ান এই সিনেমার মুক্তি। ফলে দর্শকদের আগ্রহও ক্রমেই বাড়তে থাকে। একই সময়ে হলিউডের বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দ্য ওডিসি’ মুক্তি পেলেও সেই প্রতিযোগিতার মধ্যেই দর্শকদের হলে ধরে রাখতে সক্ষম হয়েছে ‘জন নায়াগান’।



অভিনয় ছেড়ে পূর্ণাঙ্গ রাজনীতিতে যোগ দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি বিজয়ের শেষ সিনেমা হওয়ায় ভক্তদের আবেগও কাজ করছে। পাশাপাশি সিনেমার গল্প, নির্মাণ, আবেগঘন মুহূর্ত, অ্যাকশন এবং বিজয়ের পরিচিত পর্দা উপস্থিতি দর্শকদের ইতিবাচক সাড়া এনে দিয়েছে।



এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে থালাপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। খলনায়কের চরিত্রে রয়েছেন ববি দেওল। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মমিথা বাইজু এবং প্রকাশ রাজ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews