আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ফাইনালে হারের ১০ দিন পর বুধবার নিজের ক্লাব ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখায়, মেসি তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সাথে অনুশীলন মাঠে প্রবেশ করছেন।

১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মেসি আর্জেন্টিনার নিজ শহর রোজারিওতে পরিবারের সাথে সময় কাটিয়েছেন।

ফাইনালের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছিলেন, ‘এই কষ্ট অসীম, আর এই ক্ষত সারতে অনেক দীর্ঘ সময় লাগবে।’

৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। তবে তিনি এখনো পরিষ্কার করেননি, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না।

বিশ্বকাপের পর মেসির অনুপস্থিতির সময় ইন্টার মায়ামির কোচ এবং তার দীর্ঘদিনের বন্ধু গিয়ের্মো হোয়োস জানিয়েছিলেন, মেসি কিংবা তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলের ফেরার নির্দিষ্ট কোনো সময়সূচি ঠিক করা হয়নি।

এক সপ্তাহ আগে আর্জেন্টাইন এই কোচ বলেছিলেন, ‘ওদের সময় দরকার।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ খুব বড় একটি আয়োজন। এতে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ক্লান্তি আসে। ওরা কিছুটা সময় পাওয়ার যোগ্য।’

মেসি ও ডি পল দুজনকেই বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত এমএলএস অল-স্টার ম্যাচে না খেলার অনুমতি দেয় লিগ কর্তৃপক্ষ।

প্রতি বছর এমএলএসের সেরা তারকাদের নিয়ে গঠিত একটি দল মেক্সিকান ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী একটি দলের বিপক্ষে মৌসুমের শুরুতে এই ম্যাচ খেলে থাকে।

সাধারণত অল-স্টার ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক, তবে চোটের ক্ষেত্রে ছাড় দেয়া হয়। গত বছর অনুপস্থিত থাকার কারণে মেসি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। তিনি কখনোই এই ম্যাচে খেলেননি।

তবে এবার বিশ্বকাপ শেষ হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধান থাকায় মেসি ও ডি পলকে অল-স্টার ম্যাচে না খেলতে বিশেষ অনুমতি দেয়া হয়েছে।

মেসি কবে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আগামী শনিবার ইন্টার মায়ামি ঘরের মাঠে কলম্বাস ক্রুকে আতিথ্য দেবে। এরপর আগামী বুধবার এমএলএস ও মেক্সিকান ক্লাবগুলোর যৌথ প্রতিযোগিতা লিগস কাপ-এ সান লুইসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews