ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে এক শিশু ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় শুক্রবার গোসলের সময় নাঈম (৭) পানিতে ডুবে মারা যায়। এ সময় নিখোঁজ হয় নাফিসা (১৬) নামে এক কিশোরী। পরদিন বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের সিরাইল এলাকা থেকে টাঙ্গন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপীর গ্রামের নানা রশিদের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার (২৬ জুন) দুপুরে পরিবারের স্বজনদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে নাঈম, নাফিসাসহ কয়েকজন। একপর্যায়ে চারজন পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। 

পরে নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে।

এদিকে নাফিসা নিখোঁজ হলে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। পরদিন শনিবার (২৭ জুন) রংপুর থেকে ডুবুরি দল আনা হলে আট সদস্যের একটি দল টাঙ্গন নদীতে তল্লাশি চালায়। তবে তল্লাশির মধ্যেই বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বৈরচুনা ইউনিয়নের সিরাইল কাটাবাড়ি এলাকার মণিকপীর ঘাটসংলগ্ন টাঙ্গন নদী থেকে স্থানীয়রা নাফিসার লাশ উদ্ধার করেন।

নাফিসা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews