রাত পার হলেই শুরু হবে ভোট গ্রহণ। আচরণবিধি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনি মিছিল-সমাবেশ বন্ধ রয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জের প্রার্থীরা ভিন্ন কৌশলে প্রচার অব্যাহত রেখেছেন। তাঁদের হয়ে এ কাজ করছেন অটো ও রিকশাচালকরা। এবারের ভোটে জেলার তিনটি আসনে বিএনপির সঙ্গে জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ভোটাররা। তবে নির্বাচনি মাঠে দুই দলের সমান তৎপরতায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছে স্থানীয় রাজনীতিসচেতন মহল। যদিও জয়ের আশা ব্যক্ত করেছেন তিন আসনের ১৬ প্রার্থীই। কাকে ভোট দেবেন, তা নিয়ে ভোটাররা মুখে কুলুপ আঁটলেও কর্মী-সমর্থকরা নিজ নিজ প্রার্থীর গুণকীর্তন করে যাচ্ছেন। এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন- বিএনপির মো. শাহজাহান মিঞা, জামায়াতের মাওলানা কেরামত আলী, জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল হালিম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন- বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মু, মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পাঁচ প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন। ভোটাররা মনে করছেন এবার সবকটি আসনেই জামায়াত-বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে ভোটের প্রচার-প্রচারণা শেষ হলেও কয়েকজন প্রার্থী নিজেদের প্রচারে নিয়োগ করেছেন কিছু রিকশা ও অটোচালককে। তাঁদের কাজই হচ্ছে যাত্রীদের সঙ্গে ভাব জমিয়ে প্রচার করা যে এবার তাঁদের প্রার্থীরা জয়ী হবেন। এজন্য তাঁদের প্রতিদিন ৮০০ টাকা করে দেওয়া হচ্ছে, জানান কয়েকজন রিকশা ও অটোচালক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews