ভারতে আটকে থাকার কয়েক দিন পর অবশেষে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বারবার বাতিল হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) জানিয়েছে, দলের কিছু খেলোয়াড় ও কোচিং স্টাফ ইতোমধ্যে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। বাকি সদস্যদের মঙ্গলবার ও বুধবারের ফ্লাইটে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
গত ১ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকেই কলকাতায় অবস্থান করছিল ওয়েস্ট ইন্ডিজ দল। পশ্চিম এশিয়ার আকাশপথে বিধিনিষেধের কারণে তাদের ফেরানোর জন্য নির্ধারিত আইসিসির চার্টার্ড ফ্লাইট একাধিকবার বিলম্বিত হয়।
এদিকে ৪ মার্চ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা দলও এখনো ভারত ছাড়তে পারেনি। আইসিসি জানিয়েছে, আজ রাত থেকেই দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা ভারত ত্যাগ করতে শুরু করবেন এবং আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দলের সব সদস্য দেশ ছাড়বেন।
সিডব্লুআই এক বিবৃতিতে জানায়, আইসিসি বিশ্বকাপে অংশ নেওয়া পুরুষ ও নারী দলের ভ্রমণ ও আবাসনের ব্যবস্থা সাধারণত আইসিসির মাধ্যমেই সমন্বয় করা হয়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলকে পরিবহনের জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বারবার বিলম্বিত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
বিবৃতিতে আরও বলা হয়, টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল প্রায় নয় দিন ভারতে অবস্থান করেছে। বৈশ্বিক উত্তেজনা এবং বিমান চলাচল–সংক্রান্ত বিধিনিষেধের কারণে চার্টার্ড ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
প্রথমে পরিকল্পনা ছিল সপ্তাহান্তেই দুই দল দেশে ফিরবে। পরে আইসিসি জানায়, তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যা কলকাতা থেকে রাত আড়াইটায় ছেড়ে জোহানেসবার্গে যাত্রাবিরতি দিয়ে অ্যান্টিগায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু সোমবার সকালে সেই ফ্লাইট বাতিল করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার দুপুরে নতুন করে চার্টার্ড ফ্লাইট নির্ধারণ করা হলেও সেটিও বাতিল হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত বাণিজ্যিক ফ্লাইটের ওপরই নির্ভর করতে হচ্ছে দুই দলকে।
পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে আকাশপথ বন্ধ বা সীমিত হয়ে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে ভারতে আটকে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও কোচিং স্টাফ। এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হতাশা প্রকাশ করেছেন অনেকেই।
বিডি প্রতিদিন/মুসা