ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্সকে এ্যাস্টন ভিলা থেকে ব্রিটিশ রেকর্ড ফি’র বিনিময়ে দলে ভিড়িয়েছে চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের দাবী রজার্সের ট্রান্সফার মূল্য প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ড।
চেলসি ক্লাবের ওয়েবসাইটে ২০৩৩ সাল পর্যন্ত ২৩ বছর বয়সী রজার্সের ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপ শেষে দেশে ফিরে সোমবার রজার্স মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেছেন।
এ সম্পর্কে রজার্স বলেন, ‘আমি খুবই উত্তেজিত। আমার জন্য লন্ডনের সবচেয়ে বড় ক্লাব চেলসি। ছোটবেলা থেকেই আমি এই ক্লাবের সমর্থক। নতুন ম্যানেজারের অধীনে চেলসির ভবিষ্যত পরিকল্পনার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। এখাকার খেলোয়াড়রা বেশ প্রতিভাবান। এজন্যই আমি এখানে খেলতে এসেছি।’
এর আগে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে নটিংহ্যাম ফরেস্ট থেকে জুলাইয়ের শুরুতে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এই ট্রান্সফারকেও ছাড়িয়ে গেছেন রজার্স।
চেলসির ইতিহাসে এখন রজার্স সবচেয়ে দামী ফুটবলার। এর আগে বেনফিকা থেকে ২০২৩ সালে ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এনজো ফার্নান্দেজকে দলে নিয়েছিল চেলসি, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
চেলসির এই ট্রান্সফার তাদের উচ্চাকাঙ্খার একটি গুরুত্বপূর্ণ বার্তা। কারণ তারা মরগান রজার্সকে অ্যাস্টন ভিলা ছাড়তে রাজি করাতে সক্ষম হয়েছে, যদিও তার সাবেক ক্লাবের বিপরীতে আগামী মৌসুমে পশ্চিম লন্ডনের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে না।
চেলসি গত দুই বছর ধরে রজার্সকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত তারা আর্সেনালকে টপকে তার সাথে চুক্তি করতে সক্ষম হয়। এর আগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা অ্যাস্টন ভিলার দাবি করা বিপুল অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি হয়নি।
রজার্সের বিদায় অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির জন্য আরেকটি ধাক্কা। এর আগে ইউরি টিলেমানস ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন এবং লুকা দিনিয়েরও প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অ্যাস্টন ভিলা তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘অসাধারণ আচরণ ও নিবেদিতপ্রাণ মানসিকতার একজন খেলোয়াড় হিসেবে মরগান ক্লাব ছাড়ছে। ক্লাবের প্রতি তার অবদান এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য ফুটবল ক্লাবের সবাই তার প্রতি শুভকামনা জানাচ্ছে।’
২০২৪ সালে মিডলসব্রো থেকে রজার্সকে কেনার সময় চুক্তিতে থাকা ‘সেল-অন ক্লজ’-এর কারণে এই ট্রান্সফার ফি-এর ২০ শতাংশ পাবে চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডলসব্রো।
অ্যাস্টন ভিলার হয়ে ৮৫টি লিগ ম্যাচে রজার্স ২১ গোল করেছেন। এছাড়া মে মাসে ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে ভিলার জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গত মৌসুমে রজার্স ছিলেন দুর্দান্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে তিনি ১৪টি গোল করেন এবং ১১টি এ্যাসিস্ট করেন।
ভিলা আরো বলেছে, ‘সাম্প্রতিক সময়ের আমাদের অসংখ্য গৌরবময় মুহূর্ত ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে তিনি সবসময়ই স্মরণীয় হয়ে থাকবেন।’
চেলসির নতুন কোচ জাবি আলোনসো এখন আক্রমণভাগের মিডফিল্ডে মরগান রজার্স, কোল পালমার, পেদ্রো নেতো, এস্তেভাও উইলিয়ান এবং গ্রীষ্মকালীন দলবদলে আসা আরেক নতুন খেলোয়াড় জিওভানি কুয়েন্দাকে কিভাবে একসাথে ব্যবহার করবেন, সেই সমাধান খুঁজতে হবে।
রজার্স স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেয়ার পর ধারণা করা হচ্ছে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারাঞ্চোকে বিক্রি করে দেবে চেলসি। সূত্র : বাসস