আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করেছে এবং মার্কিন বাহিনী সৈন্য ও মিসাইল সংকটে পড়ে দিশেহারা, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বাইবেলের রহস্যময় বাণী প্রচার করা শুরু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র তোলপাড় ও বিতর্ক।
পেন্টাগনের অফিসিয়াল অ্যাকাউন্ট ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি যুদ্ধজাহাজ ও সেনাসদস্যের ছবির ওপর বড় অক্ষরে লেখা হয়েছে— ‘সেন্ড মি’ (আমাকে পাঠাও)। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পেন্টাগনের প্রধান মুখপাত্র শান পার্নেল বাইবেলের 'আইজায়া' (আইজায়া ৬:৮) অধ্যায়ের উদ্ধৃতি দিয়ে এই পোস্টটি শেয়ার করেন। বাইবেলের এই অধ্যায়ে ঈশ্বর যখন জিজ্ঞেস করেন, ‘আমি কাকে পাঠাব?’, জবাবে আইজায় নামক ধর্মপ্রচারক বলেন, ‘আমি এখানে আছি, আমাকে পাঠাও।’ পরবর্তীতে এই অধ্যায়ে এমন এক ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে, যেখানে শহরগুলো মানবশূন্য ও ভূখণ্ড পুরোপুরি উজার হয়ে যাবে।
ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন কেন মার্কিন প্রতিরক্ষা দফতর এমন কট্টর খ্রিস্টান ধর্মীয় বার্তা প্রচার করছে—এমন প্রশ্নের জবাবে পেন্টাগনের মুখপাত্র অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলেন, "এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।"
পেন্টাগনে ধর্মান্ধতার বাড়বাড়ন্ত
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকেই পেন্টাগনে ধর্মীয় প্রভাব বাড়ানোর অভিযোগ উঠেছিল। গত মার্চ মাসেই জানা গিয়েছিল, প্রায় ১০০ জনেরও বেশি মার্কিন সেনাসদস্য তাদের কমান্ডারদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তারা জানিয়েছিলেন, কমান্ডাররা নাকি এই ইরান যুদ্ধকে ‘ঈশ্বরের দিব্য পরিকল্পনা’ বা বাইবেলের নির্দেশ হিসেবে বর্ণনা করছেন। এবার সরাসরি প্রাতিষ্ঠানিকভাবে পেন্টাগনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ধর্মীয় বার্তা ছড়ানো হলো।
আমেরিকার সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকার বা প্রশাসন কোনো নির্দিষ্ট ধর্ম প্রচার করতে পারে না। তবে বর্তমান ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন সুপ্রিম কোর্ট এসব বিষয়কে আগের মতো আর গুরুত্ব দিচ্ছে না।
মার্কিন বিমান বাহিনীর সাবেক বিচারক ও সামরিক আইন বিশেষজ্ঞ র্যাচেল ভ্যানল্যান্ডিংহ্যাম এ বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই ধরনের উগ্র বাইবেলভিত্তিক প্রচারণার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীকে ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে। এটি অন্য ধর্মাবলম্বী মার্কিন সৈন্যদের অপমান করার পাশাপাশি ইরানকে বড় সুযোগ করে দেবে।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘ইরান দীর্ঘদিন ধরে আমেরিকাকে 'মহা শয়তান' বা ইসলামের শত্রু বলে আখ্যা দিয়ে আসছে। পেন্টাগনের এই পোস্ট ইরানের সেই প্রোপাগান্ডাকেই সত্য বলে প্রমাণ করছে। কোনো দেশের সামরিক বাহিনীর যুদ্ধ করা উচিত আইন ও পেশাদারিত্বের ওপর ভিত্তি করে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বাণীর ওপর ভিত্তি করে নয়। ধর্মযুদ্ধ মূলত সব ধ্বংসকারী এক বিপজ্জনক খেলার দিকে নিয়ে যায়।’
সূত্র: ইন্টারসেপ্ট