অনৈতিক কাজের অভিযোগ তুলে শাহ আলী মাজারে হামলা হয়েছে। এ হামলায় জামায়াতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, ‘এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ চাপাচ্ছেন।’
আজ রোববার দুপুরে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে ফরহাদ মজহার একথা বলেন। শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ‘সাধুগুরুভক্ত ও ওলি–আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহ আলী মাজারে হামলা হয়। এ সময় মাজারে জিয়ারত ও মানত কার্যক্রম চলছিল। এ হামলা নিয়ে করা মামলার বাদী রেশমি বেগম বলেন, জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০ থেকে ১৫০ নেতা–কর্মী মাজারের প্রধান গেট দিয়ে ঢুকে তাঁদের ওপর হামলা করেন। তবে পরে জামায়াতের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।