কানাডার পশ্চিমাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট যাত্রীবাহী বিমান একটি গাড়িতে ধাক্কা দেয়ায় একজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, একটি ছোট বিমান সড়কের পাশে বনাঞ্চলসংলগ্ন ঘাসের ওপর পড়ে আছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির আরোহী ছিলেন।’
বিমানটিতে থাকা কেউ আহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: বাসস