চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্ভাড ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়া প্রায় কোটি টাকা মূল্যের ২৩ বস্তা চুল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কার্ভাড ভ্যানের চালক ও ম্যানেজারকে থানায় নেয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চুলের বস্তাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) ঢাকা থেকে ২৩টি বস্তায় প্রায় ৪০০ কেজি চুল কিনে প্রক্রিয়াজাতের জন্য চুয়াডাঙ্গায় পাঠানো হয়। সমিতির নিজস্ব কার্ভাড ভ্যানে করে চুলের বস্তাগুলো দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকার একটি প্রসেসিং কারখানায় নেয়া হচ্ছিল।

পথিমধ্যে দুপুরে কোষাঘাটা এলাকায় পৌঁছালে সাত-আটজনের একটি দল কার্ভাড ভ্যানটির গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করে ভ্যান থেকে চুলের বস্তাগুলো নামিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজ এলাকা থেকে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কার্ভাড ভ্যানের চালক ও ম্যানেজারকে থানায় নেয়া হয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews