বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে ভক্ত-অনুরাগীদের কাছে বড় একটা ধাক্কা।
সপ্তাহখানেক আগের ঘটনা। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন তিনি। যার কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা দেশ, সেই অরিজিতের এ সিদ্ধান্ত ভক্ত-অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছেন না।তারা এ কথা শুনে ব্যথাহত হয়েছেন। সামাজিক মাধ্যম জুড়ে সবার একটাই চাওয়া— আবারও তাকে ফিরিয়ে আনা হোক, গান শুনতে চান তারা।
এবার অরিজিতের সিদ্ধান্তে মুখ খুললেন অভিনেতা, গীতিকার-সুরকার ও সংগীতশিল্পী লাকি আলি।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাকি আলি বলেন, অরিজিতের এ সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত এবং এ বিষয়টিকে সম্মান জানানো উচিত। সৃজনশীল মানুষদের অনেক সময়ই একটু বিরতির প্রয়োজন হয়, যাতে নিজেদের নতুন করে খুঁজে পান। গ্ল্যামার থেকে দূরে থাকার জন্য এ সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি ছিল। হয়তো সে জন্যই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন
আরও পড়ুন দিশার সেই কথিত প্রেমিকের ‘চেহারা’ ফাঁস, দিলেন যে বার্তা

তিনি নিজেও একটা সময়ে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গিয়েছিলেন বলে জানান লাকি আলি। তিনি বলেন, প্লেব্যাক তার কাছে ভীষণই একঘেয়ে হয়ে গিয়েছিল। ফলে নিজের মতো করে স্বাধীনভাবে সংগীতের চর্চা করতে চেয়েছিলেন তিনি। মনোনিবেশ করতে চেয়েছিলেন নিজের কম্পোজিশনের দিকেও।
উল্লেখ্য, এর আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ সিং বলেন, এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। সে জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি— আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। তবে এটি একটি অনবদ্য সফর ছিল।