দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অংশ নেওয়া সব দলই ঘোষণা করেছে তাদের স্কোয়াড। তবে স্কোয়াড ঘোষণা করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শুরুর দিকের ম্যাচগুলোতে জশ হ্যাজেলউডকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অ্যাকিলিস সমস্যার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য তিনি সিডনিতেই থাকবেন। এ অবস্থায় ভ্রমণ রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে শন অ্যাবটকে।

এদিকে পাকিস্তান সফর মিস করা গ্লেন ম্যাক্সওয়েল, নাথান এলিস ও টিম ডেভিড মঙ্গলবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

গত মাসে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড জানিয়েছিলেন, চোটের কারণে অ্যাশেজ মিস করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে নিজেকে প্রস্তুত রাখতে পারবেন বলে তিনি আশাবাদী।

হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ড সিরিজের শুরুতে ছিটকে পড়েন হ্যাজলউড। পরে পুনর্বাসন চলাকালীন দেখা দেয় অ্যাকিলিসের সমস্যাও। এসব বিবেচনায় অস্ট্রেলিয়ার নির্বাচক ও মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে, আপাতত তিনি সিডনিতেই থাকবেন।

অস্ট্রেলিয়া দলের নির্বাচক টনি ডোডেমেইড হ্যাজলউড কবে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

তিনি বলেন, ‘জশের ক্ষেত্রে আমরা মনে করেছি পরিচিত পরিবেশে দেশে থেকেই তার পুনর্বাসন চালিয়ে যাওয়া বেশি বাস্তবসম্মত ও উপকারী হবে। নাথানও যখন ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফিরছে, তখন যেকোনো জরুরি পরিস্থিতিতে পেস বোলিংয়ের বিকল্প হিসেবে শনকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শন একজন অভিজ্ঞ ও বহুমুখী আন্তর্জাতিক ক্রিকেটার, একাধিক বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তান সফরের পর দলের সঙ্গেই থাকা তার জন্য যৌক্তিক ছিল।’

পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। তার জায়গায় দলে যুক্ত করা হয়েছে বেন ডোয়ারশুইসকে। বাদ পড়েছেন ম্যাথিউ শর্টও, তার জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে।

আইএন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews