চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা বকশির খীল এলাকার নুরুল হোসেনের ছেলে নুর উদ্দীন সোহেল (৩০), পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তাপস পালিত ওরফে শিমুল (৫১) এবং ভূজপুর থানার হারুয়ালছড়ি এলাকার দীপক কান্তি দে (৫৮)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, বায়েজিদ থানার লিংক রোড এলাকায় সিএনজি অটোরিকশা গ্যারেজের সামনে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে নুর উদ্দীন সোহেলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দুটি চায়না রাইফেলের গুলি এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকা থেকে তাপস পালিতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে তাপসের দেওয়া তথ্য অনুযায়ী নগরের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীপক কান্তি দে’কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সঙ্গে জড়িত।
এদিকে বায়েজিদ ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. হাসান (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হাটহাজারীর খন্দকিয়া রাজখান পাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি শটগান, একটি একনলা বন্দুক, শটগানের ২০ রাউন্ড গুলি, একটি ব্যারেল, তিনটি রিকয়েলিং স্প্রিং এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করেছেন যে, তিনি এসব অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে চুরি, মারামারি ও হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল