দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এখনো স্টেজ শো ও নতুন গানে রয়েছেন সরব। তবে খুব বেছে বেছেই এখন কাজ করে থাকেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘না বলা গল্প’। গানটিতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন চলতি প্রজন্মের মেধাবী গায়ক মোমিন বিশ্বাস। এই নিয়ে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ষষ্ঠ বারের মতো কোনো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন সামছুল আলম। সুর করেছেন রাজেশ ঘোষ।

আর সংগীতায়োজনে এমএমপি রনি। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সাবিনা ইয়াসমিন বলেন, বেশ সুন্দর একটি গান। কথা-সুর সবমিলিয়ে ভালো লেগেছে। আর গানটি আমার সঙ্গে গেয়েছে স্নেহের মোমিন বিশ্বাস। অনেক ভালো একজন শিল্পী সে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। এদিকে, গানটি প্রসঙ্গে মোমিন বিশ্বাস বলেন, একজন সাবিনা ইয়াসমিন বাংলাদেশে জন্মেছেন, ছয় দশক ধরে বাংলা গান তথা বাংলা চলচ্চিত্রের গানকে সমৃদ্ধ করেছেন।

বাংলা গানের শ্রোতা হিসেবে তার কাছে আমরা চিরঋণী। এই ঋণ যেমন কখনো শোধ হওয়ার নয়, তেমনি এই ঋণ শোধ করে শিল্পী এবং শ্রোতার এই বন্ধন থেকে মুক্তও হতে চাই না। বিশ্বের কাছে আমরাও গর্ব করি আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন। পরম সৌভাগ্যক্রমে কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে ষষ্ঠ বারের মতো কোনো দ্বৈত গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হলো। গানটির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। গানটি ভিডিওসহ দ্রুতই প্রকাশ হবে। আমার বিশ্বাস, ভালো লাগবে শ্রোতাদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews