রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে দুই বছরের জল্পনা এবার হয়তো শেষ হতে চলেছে। ছুটি কাটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

নতুন কোচ হোসে মরিনিয়োর সাথে প্রথম সাক্ষাতের পর ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সাথে বসবেন ভিনিসিউস। সেই বহুল আলোচিত বৈঠকেই নির্ধারিত হতে পারে তার পরবর্তী গন্তব্য।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র ১১ মাস। তাই নতুন চুক্তি নিয়ে আর দেরি করতে চায় না রিয়াল। ক্লাবও জানতে চায়, ভবিষ্যৎ নিয়ে ভিনিসিয়াসের চূড়ান্ত সিদ্ধান্ত কী।

দুই পক্ষের ইচ্ছা সম্পর্কটা দীর্ঘায়িত করার হলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেতনের অঙ্ক। ভিনিসিয়াস যে পারিশ্রমিক চান, রিয়াল সেই সীমা অতিক্রম করতে রাজি নয়। ফলে সমঝোতা না হলে সম্পর্ক ভাঙার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

গত কয়েক দিনে আর্সেনালের আগ্রহ নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। ভিনিসিয়াসের প্রতিনিধিরাও এসব খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। এতে আপাতত স্বস্তিতে রয়েছে স্প্যানিশ ক্লাবটি।

তবে এবার আর অনিশ্চয়তা দীর্ঘ করতে চায় না রিয়াল। ক্লাব কর্মকর্তারা ভিনিসিয়াসের কাছ থেকে স্পষ্ট উত্তর চান- তিনি কি বার্নাব্যুতেই নিজের ভবিষ্যৎ দেখছেন, নাকি নতুন ঠিকানা খুঁজছেন? যদি বিদায়ের সিদ্ধান্তই হয়, তাহলে বিকল্প খুঁজতে দ্রুতই দলবদলের বাজারে সক্রিয় হবে রিয়াল।

রিয়ালের ইতিহাসও বলে, ক্লাবের নীতির সামনে কোনো তারকাই অপ্রতিরোধ্য নন। সার্জিও রামোস, ক্রিস্তিয়ানো রোনালদো, মেসুত ওজিল কিংবা আনহেল দি মারিয়ার মতো কিংবদন্তিরাও শেষ পর্যন্ত ক্লাব ছেড়েছেন।

এবার ভিনিসিয়াসের পালা- নতুন চুক্তিতে স্বাক্ষর, নাকি বিদায়ের কাউন্টডাউন? উত্তর মিলতে পারে আগামী কয়েক দিনের মাঝেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews