ফসল উদ্ভিদ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক এবং পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

গত ৩ জুন থেকে শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া বলেন, 'উদ্ভিদ বিজ্ঞান শুধু একটি একাডেমিক শাখা নয়, এটি দেশের খাদ্যনিরাপত্তা, কৃষির স্থায়িত্ব ও ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি। বিএসপিএসটিকে জ্ঞান, গবেষণা ও পেশাগত উৎকর্ষতার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।'

সংগঠনটির লক্ষ্য হলো ফসল উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন শাখার পেশাজীবীদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও বৈশ্বিক কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখা। পাশাপাশি জার্নাল, ম্যাগাজিন, পুরস্কার, বৃত্তি ও সনদ প্রদানের মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞানের বিকাশেও কাজ করবে সংগঠনটি।

উল্লেখ্য, প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ও লেখক প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া কৃষি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর রচিত ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’, ‘মোরফোলজি অ্যান্ড ট্যাক্সোনমি অব ক্রপ প্ল্যান্টস’ এবং ‘নিউট্রিশনস অব ক্রপ প্ল্যান্টস’ গ্রন্থগুলো কৃষি শিক্ষা ও গবেষণায় সমাদৃত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews