ঈদের বিশেষ ইত্যাদিতে থাকে বর্ণিল আয়োজন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হবে না। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবক্ষেত্রেই তুখোড় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে ঈদ ইত্যাদিতে দর্শকপর্বের অতিথি হিসাবে। এই অভিনেতা ইত্যাদিতে সরাসরি অভিনয় করবেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে। ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও দর্শক পর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চারজন দর্শক। হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলো উপরে তুলে ধরেন তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা-অভিনেত্রী না হয়েও মোশাররফ করিমের সঙ্গে দর্শকদের তাৎক্ষণিক এই অভিনয় উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেন এবং মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে একটি চমৎকার বক্তব্য। আশা করা যায়, উপস্থিত দর্শকদের কাছে উপভোগ্য এই পর্বটি বাড়ির দর্শকদেরও আনন্দ দেবে। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews