খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর টিকে থাকতে মানুষের সংগ্রাম তুলে ধরার গল্পের সিনেমা ‘দেলুপি’ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক উৎসবে। ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’ এ নির্বাচিত হয়েছে সিনেমাটি। উৎসবটি শুরু হবে আগামী ২৩ এপ্রিল, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
'দেলুপি' সিনেমার নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’ দেখানো হবে। এর আগে, চলতি বছরেই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬ এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি ‘দেলুপি’র দ্বিতীয় বড় কোনও উৎসবে অংশগ্রহণ।
তাওকীর বলেন, নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া।
খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’। চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের নিরন্তর সংগ্রাম উঠে এসেছে।
এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের চলচ্চিত্রটি পরে আসে ঢাকার প্রেক্ষাগৃহে। মুক্তির পর বেশ আলোচনায় আসে সিনেমাটি।
এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় নির্দেশনায় অভিষেক হয়েছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, পরে ২০২৪ সালে তিনি বানান ‘সিনপাট’।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ