কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। সোমবার আঘাত হানা এই ভূমিকম্পে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি ও ২৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মঙ্গলবার জাতিসংঘের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংকালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওচা) মুখপাত্র জেনস লায়েরকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ভূমিকম্পে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ৩৮৭টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৬১টি ভবন ধসে পড়েছে। এছাড়া ৫৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩৫০টির বেশি কমিউনিটি সেন্টারও ক্ষতির সম্মুখীন হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১২৬ জন নিহত এবং ১ হাজার ৪৯৫ জন আহত হয়েছেন। জেনস লায়েরকে আরও জানান, বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার মতো জরুরি পরিষেবাগুলো ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি সারা দেশে অন্তত ৫৩টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র তারিক জাসারেভিচ সাংবাদিকদের জানান, ছয়টি বিভাগের ২৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে ভ্যালে দেল কাউকা, বিশেষ করে কালি শহরের স্বাস্থ্য অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হসপিটাল ইউনিভার্সিতারিও দেল ভ্যালে-এর কার্ডিওলজি ও শিশু বিভাগ থাকা একটি ভবনের একাংশ ধসে পড়েছে। অন্যদিকে, ক্লিনিকা নুয়েস্ত্রা হাসপাতাল থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জাসারেভিচ জানান, পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে বাড়তি সংকটের মুখে পড়তে হচ্ছে। তবে ভয়াবহ এই বিপর্যয়ের পরও কলম্বিয়া সরকার এখন পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানায়নি বলে নিশ্চিত করেছেন জেনস লায়েরকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews