পিয়ংইয়ং, ৫ আগস্ট – জাপানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা বৃদ্ধির তীব্র সমালোচনা করে টোকিওকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সতর্ক করে বলেছে যে জাপানের এই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় তারা অতিরিক্ত সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বুধবার উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী কিম ইয়ো জং এক বিবৃতিতে এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি বলেন যে জাপান একটি সামরিক শক্তিতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া চালাচ্ছে পিয়ংইয়ং তাতে নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকবে না। জাপানের দূরপাল্লার হামলার সক্ষমতা অর্জনকে বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি আখ্যা দিয়ে তিনি আরও বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষার কারণে জাপানকে বড় ধরনের বিপদে পড়ে অনুশোচনা করতে হবে।

কিম ইয়ো জং সম্প্রতি জাপানের মার্কিন টমাহক ক্রুজ মিসাইল পরীক্ষা এবং ফিলিপাইনে যৌথ মহড়ায় অংশগ্রহণকে আগ্রাসনের সুস্পষ্ট প্রমাণ হিসেবে তুলে ধরেন। চীন ও উত্তর কোরিয়াকে মোকাবিলা করতে ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০০টি টোমাহক ক্ষেপণাস্ত্র কিনছে টোকিও।

পিয়ংইয়ং একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি হিসেবে দেখছে। যদিও যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতাকে আত্মরক্ষামূলক বলে দাবি করে আসছে। এর আগে জাপান তাদের বার্ষিক প্রতিরক্ষা শ্বেতপত্রে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক তৎপরতাকে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে।

আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা শিল্প গড়ার বিষয়টি এবারই প্রথম জাপানের শ্বেতপত্রে স্থান পেয়েছে। দেশটির সরকার প্রতিরক্ষা বাজেট জিডিপির ২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে যা চলতি অর্থবছর নাগাদ ১.৯ শতাংশে পৌঁছেছে। এ বছরই নতুন দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে টোকিও।

এস এম/ ৫ আগস্ট ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews