যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নয়তলা বিশিষ্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত লিফট নষ্ট হয়ে আছে। এতে রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছেন এই ভবনের শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত দু’টি লিফটের একটি লিফট রমজান মাসের শুরু থেকেই বন্ধ রয়েছে। ফলে অবশিষ্ট একটি লিফটে শিক্ষার্থীরা গাদাগাদি করে চলাচল করছেন। প্রায় প্রতিদিন এই ভবনের নিচতলায় লিফটে ওঠার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষক-শিক্ষার্থীদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং লিফটে জায়গা না পাওয়ার কারণে অনেকেই হেঁটে ওঠেন নয়তলা বিশিষ্ট এই ভবনের বিভিন্ন তলায়। এছাড়াও মাঝেমধ্যেই ফাটলযুক্ত ও ভাঙ্গা এসব লিফট বিকল হয়ে আটকে পড়ার ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা।

এই নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে অভিযোগসহ দেশের একাধিক জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পরেও নির্বিকার ভূমিকা পালন করছে যবিপ্রবি প্রশাসন।

পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী বনি ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত লিফট দু’টির মধ্যে একটি লিফট বন্ধ রয়েছে। এর ফলে সকালে ক্লাসে এসে দীর্ঘ সময় লিফটের জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় ক্লাস শুরু হয়ে গেলে বাধ্য হয়ে ষষ্ঠ বা সপ্তম তলায় হেঁটে উঠতে হচ্ছে। এতে রোজা রেখে শিক্ষার্থীরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন এবং সময়মতো ক্লাসে উপস্থিত হওয়াও কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে লিফটটি মেরামত না করায় ভোগান্তি আরো বেড়েছে।’

এই বিষয়ে সহকারী প্রকৌশলী সাফায়াত মোহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের ব্যবহৃত একটি লিফট মেরামতের জন্য কয়েকদিন ধরে বন্ধ আছে। লিফটের সার্ভিসিং সংশ্লিষ্ট কর্মীরা ইতোমধ্যে পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ অর্ডার দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী শনিবারের মধ্যে লিফটটি মেরামত করে চালু করা সম্ভব হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews