বিশ্বায়নবিরোধী প্রবণতার বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া ঐতিহাসিক ভাষণে তিনি বিশ্বের তথাকথিত ‘মধ্যম শক্তিগুলোকে’ পুনর্বিবেচনাবাদী শক্তিগুলোর মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করতে আহ্বান জানান।
তাঁর তালিকায় এখন শুধু চীন ও রাশিয়াই নয়, যুক্তরাষ্ট্রও যুক্ত হয়েছে। অর্থনৈতিক জাতীয়তাবাদের এই যুগে কার্নির ধারণা, মধ্যম শক্তিগুলোর একজোট হয়ে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই।
এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, বিশ্বের সবচেয়ে বড় মধ্যম শক্তি হিসেবে ভারত কি তার পররাষ্ট্রনীতি নতুন করে গড়ে তুলতে পারবে? পারলে তা নিঃসন্দেহে ভারতের জন্য লাভজনকই হবে; কারণ কার্নি যে পথের কথা বলছেন, তার সঙ্গে ভারতের স্বার্থ গভীরভাবে যুক্ত।
গত তিন দশকে ভারতের অর্থনৈতিক সাফল্য এসেছে বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই। পশ্চিমা প্রযুক্তি, অর্থায়ন ও বাজারের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা সেবা রপ্তানির বিস্ময়কর সাফল্য তারই প্রমাণ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি বাণিজ্যনীতি সেই বাণিজ্যিক সম্পর্কগুলোকেই লক্ষ্য করে আঘাত হানে এবং ভারতের জন্য তা ছিল বড় ধরনের ধাক্কা।