গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী গণপ্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে রক্ষার দাবিতে শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর শ্রীপুর-রাজাবাড়ী সড়কের লোহাগাছ গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদ থেকে প্রায় দুই শতাধিক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা শান্তিপূর্ণ মিছিল বের করেন।

পরে তারা স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সতর্ক করতে উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজ সংলগ্ন বস্তিতে যান। এ সময় স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক কারবারি খাদিজা উপস্থিত এলাকাবাসীর সামনে বলেন, "এতদিন মাদক বেচেছি, আর বেচব না।" তার এই বক্তব্যের পর উপস্থিতরা তাকে ভবিষ্যতে মাদক ব্যবসা থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান এবং পুনরায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

স্থানীয়দের ভাষ্য, একসময় শান্ত ও স্বাভাবিক পরিবেশের জন্য পরিচিত লোহাগাছ এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসা ও মাদকসেবীদের আনাগোনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর ফলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি তরুণ সমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে বিপথে যাচ্ছে। পরিবারে অশান্তি, ছোটখাটো অপরাধ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের উদ্বেগও দিন দিন বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজ সংলগ্ন বস্তি এবং রেলগেট এলাকার বস্তিকে কেন্দ্র করে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনা করে আসছেন। এতে নারী, শিশু ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একাধিকবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় এবার এলাকাবাসী নিজেরাই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেন।

জুমার নামাজ শেষে মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে বস্তিগুলোতে গিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তারা বলেন, "এই এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা দ্রুত এই পথ থেকে সরে আসুন। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।"

একই সঙ্গে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান। প্রতিবাদে অংশ নেওয়া মুসল্লি ও এলাকাবাসী আরও বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে নয়, পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

এ সময় আমজাদ হোসেন, মোহাম্মদ রাকিব, শরীফসহ মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ শেষে এলাকাবাসী ঘোষণা দেন, "মাদকমুক্ত লোহাগাছ গড়ে তুলতে আমাদের আন্দোলন চলবে। সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।"



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews