লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি ও টিভি রহস্যজনকভাবে গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ দায়িত্ব গ্রহণের পর সরকারি অর্থে কার্যালয়টি সাজানো হয়। ওই কক্ষে দুটি স্যামসাং ব্র্যান্ডের এসি, একটি বড় টিভি ও দামি ফার্নিচার রাখা ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কক্ষটি তালাবদ্ধ ছিল। সম্পতি সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের জন্য অফিস প্রস্তুতের অংশ হিসেবে কক্ষটি পরিদর্শন করা হয়। এ সময়ের ধারণ করা একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় কক্ষে এসি ও টিভি নেই। ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, যোগদানের পর ওই কক্ষে কখনোই যাওয়া হয়নি। চব্বিশের ওই সময় কারা দায়িত্বে ছিল এবং কার নির্দেশে এসি-টিভি সরানো হয়েছে তার তদন্ত চলছে।