বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিমাংশের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন তৎপরতায় সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, বিএসএফ শিশু-নারীসহ কয়েকশ মানুষকে বলপ্রয়োগ করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে চরম অমানবিক পরিস্থিতি তৈরি করেছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।

বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, পুশ ইন করা মানুষদের একটা অংশকে সীমান্তের শূন্য রেখায় (নো ম্যানস ল্যান্ড) ঠেলে দেওয়া হয়েছে। খাদ্য, পানীয় ও চিকিৎসা না পেয়ে এদের কারও কারও জীবনাশঙ্কা দেখা দিয়েছে। কয়েকশ মানুষকে বাংলাদেশে পুশ ইন করার এই তৎপরতায় তীব্র অসন্তোষ ও নিন্দা জানান তিনি।

সাইফুল হক বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হওয়ার পর ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতা নতুন মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা সীমান্তের মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। বিএসএফের এসব তৎপরতা তাদের বাংলাদেশ-বিদ্বেষী আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, উভয় দেশে অবস্থানরত বৈধ নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবার নির্দিষ্ট আইনি ও বৈধ প্রক্রিয়া রয়েছে। আইনগত এই প্রক্রিয়া বাদ দিয়ে জবরদস্তিমূলক পুশ ইন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আন্তর্জাতিক আইনেরও গুরুতর লঙ্ঘন।

বাংলাদেশের সঙ্গে ভারত যদি প্রকৃত বন্ধুত্ব চায়, তবে অবিলম্বে এই পুশ ইন তৎপরতা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে বিবৃতিতে দাবি জানান সাইফুল হক।

বিডি প্রতিদিন/এআরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews