নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়ে তদন্তে গেলে পুলিশ সদস্যদের ওপর অভিযুক্তদের হামলায় তদন্ত কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে। পরবর্তীতে দায়িত্ব পালনরত পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপ-পরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইছাক শেখ।
আটককৃতরা হলেন, ঘটনায় জড়িত বিবাদীছেমনা খাতুন (৫০), বিয়াধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজিউল্লা (৭০), আবু সুফিয়ান (২৮) ও বোবা জাবের (৪৫)।
পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির একটি অভিযোগ দায়ের করে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার।
অভিযোগ পেয়ে ওসিসহ (তদন্ত) পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সে সময় দুই পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আবসার পুলিশকে ফোন দিয়ে জানান অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ভাংচুর করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাংচুরের কারণ জিজ্ঞেস করলে পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এতে পুলিশের ৫ সদস্য আহত হন। পরবর্তীতে পুলিশের ওপর হামলা ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ‘এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এনআই