ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রীণসিটিতে মদ্যপানে দুই রুশ নাগরিকের একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রসিম-এ আল্ট্রাসোনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটতে পারে তবে তদন্তে সঠিক তথ্য পাওয়া যাবে।
এ ঘটনায় কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়লে পরে তাকে গ্রীণসিটি থেকে পাবনা এসআরটি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ঘটনায় আহত অপর রুশ নাগরিককে পাবনা এসআর টিহাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। উভয়ে একই প্রতিষ্ঠানে চাকরি করলেও তার নাম জানা যায়নি।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশঙ্খলা বাহিনী।